প্রধানমন্ত্রী দ্বিতীয় মেঘনা গোমতী সেতুর উদ্বোধন করবেন ২৫ মে

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করবেন। সড়ক পরিবহন ও সেতু বিভাগ এ খবর নিশ্চিত করে জানিয়েছে, সেতু দুটির নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ২৫ মে প্রধানমন্ত্রী গণভবনে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করবেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সেতু দুটির নির্মাণ কাজ খুব শিগগির সম্পন্ন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সময়ে ঘরমুখো যাত্রীদের চলাচল সাবলীল করতে সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। তিনি গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সেতু দুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হলে ঈদের সময় যান চলাচল পরিস্থিতির উন্নতি হবে।

এর আগে প্রধানমন্ত্রী গত ১৬ মার্চ শীতলক্ষ্যা নদীতে দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন। জাপানি ঠিকাদারী প্রতিষ্ঠান ওবায়সি করপোরেশন, শিমঝু করপোরেশন, জেএফই করপোরেশন, ওআইএইচআই ইনফ্রা সিস্টেম্স কোম্পানি লি. ২০১৬ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেঘনা ও গোমতীর সঙ্গে দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজ শুরু করে।