কাপাসিয়ায় চাঁদা দাবির অভিযোগে মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:২৬
গাড়ি আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে গাজীপুরের কাপাসিয়া থানার এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। বিচারক ফারজানা খানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের মিয়া হোসেনের স্ত্রী হাজেরা খাতুন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, জনৈক শিবলী, সোহেল রানা, শাহীন ও একজন অজ্ঞাতনামা কনস্টেবলের নামে চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, জহিরুল ইসলাম অন্যান্য আসামির সহযোগিতায় বাদীর একটি ট্রাক্টর অবৈধভাবে আটক করে মাথায় সরকারি পিস্তল ঠেকিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একইসঙ্গে বাদী নিজের নিরাপত্তারও দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, হাজেরা খাতুন তার মৃত ছেলের স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ করেছিলেন। আমি সেটি তদন্ত করতে একবার তার বাড়িতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করব। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।