গ্যাস পেয়ে উত্সবে মেতে উঠেছে ভোলা

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:৫৭
ভোলা শহরে বহু প্রতীক্ষিত আবাসিক গ্যাস সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি-কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হন। তিনি ভোলার জনগণকে শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আরেকবার নির্বাচিত করা প্রয়োজন। ভোলার নদী ভাঙ্গন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সরকারের আমলেই ২২৫ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র নির্মিত হবে। ঘরে ঘরে পৌঁছে যাবে গ্যাস। সকালে জৈনপুরী পীর সাহেবের খানকায় সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও পেট্রো বাংলার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর গ্যাসে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে ভোলায় গ্যাস সংযোগের উদ্বোধন করেন। এরপর মোটর শোভাযাত্রা সহকারে কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে পৌঁছে অতিথিবৃন্দ পৌরসভার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ঢোল বাদ্য বাজিয়ে মিছিল সহকারে হাজার হাজার মানুষ সভাস্থলে আসতে থাকলে ভোলা শহর কার্যত মিছিলের নগরীতে পরিণত হয়। বৃষ্টি উপেক্ষা করে আসা অসংখ্য মানুষের ভিড়ে টাউন হল চত্বর ও আশ-পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। উদ্বোধনী সভার প্রধান অতিথি তোফায়েল আহমেদ এমপি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ভোলার জনগণের সার্বিক উন্নয়নে সবকিছু করবে। ভোলায় এ গ্যাস সংযোগ একটি যুগান্তকারী ঘটনা। বর্তমানে ২০ কিলোমিটার পাইপ লাইন টানা হলেও আরও ৪০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করে পৌরসভার সকল এলাকা ও শাহবাজপুর গ্যাস ক্ষেত্র এলাকা বোরহানউদ্দিনেও গ্যাস সংযোগ দেয়া হবে। পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর, মোবাশের উল্লাহ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ও ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। ইউনূস ও ফখরুলের বক্তব্যে তফাত্ নেই:তোফায়েল বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ড. ইউনূস ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কোন তফাত্ নেই। এভাবে একই সুরে কথা বলে ড. ইউনূস তার নিরপেক্ষতা হারিয়ে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি বুধবার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস স্থানীয়দের গৃহস্থালী কাজে সংযোগ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন। তোফায়েল আহমেদ উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক ইস্যুর ধোঁয়ায় কোন তৃতীয় শক্তিকে এর সুবিধা নিতে দেয়া হবে না। গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বোরহানউদ্দিনের গ্যাস উক্ত এলাকার গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য দেয়া ছাড়াও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। বোরহানউদ্দিন পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহব্বত জান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ।