গতকাল বুধবার রাজধানীসহ সারাদেশে হিন্দু সমপ্র্রদায়ের অন্যতম বৃহত্ ধর্মীয় উত্সব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। প্রতিটি মন্দিরে সমবেত ভক্তদের উপস্থিতিতে গীতা পাঠ, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রাসহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীতে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে গীতা পাঠ করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর দিনভর অনুষ্ঠানমালায় মন্দিরে ছিলো ভক্তদের উপচে পড়া ভীড়। গীতা পাঠের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। দুপুরে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। বিকালে ঢাকেশ্বরী মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ভারতের ডেপুটি-হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি এবং পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। রাতে অনুষ্ঠিত হয়েছে কৃষ্ণপূজা।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরীসহ সারাদেশের প্রতিটি মন্দির বর্ণিল সাজে সাজানো হয়। এ উপলক্ষে গতকাল ছিলো সরকারি ছুটি। ঢাকেশ্বরী মন্দিরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। গত মঙ্গলবার গভীর রাত থেকে ঢাকেশ্বরী মন্দির ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গতকাল ঢাকেশ্বরীসহ রাজধানীর প্রতিটি মন্দিরের সামনে পুলিশকে সতর্কাবস্থায় দেখা গেছে।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে উত্সবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরীর জেএমসেন হলে সকাল থেকেই গীতাপাঠ, চণ্ডীপাঠ, ঋষি ও বৈষ্ণব সম্মেলন, শ্রী কৃষ্ণের লীলা কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মাতৃসম্মেলন, ধর্মীয় সম্মেলন ও মহানামযজ্ঞের শুভ অধিবাস। এছাড়া আজ এবং আগামীকাল দিবারাত্রি মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সকাল ১০টায় জেএমসেন হল থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে মহাশোভাযাত্রা উদ্বোধন করেন। মহাশোভাযাত্রাটি নগরীর লালদিঘী, কোতোয়ালি, নিউমার্কেট, নন্দনকানন ঘুরে আবার জেএমসেন হলে গিয়ে শেষ হয়। নানা বয়সের বিপুল সংখ্যক মানুষ বৃষ্টি উপেক্ষা করে মহাশোভাযাত্রায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমরা সব ধর্মের মানুষ একে অন্যের উত্সব, পার্বণ মিলেমিশে পালন করি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জকে শান্তি ও সম্প্রীতির শহর উল্লেখ করে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিভিন্ন সময়ে উস্কানি দেয়া সত্ত্বেও এই শহরে কোন ধরনের ধর্মীয় সংঘাতের ঘটনা ঘটেনি।
সাম্প্রতিককালে সারাদেশে বিভিন্ন সম্প্রদায়ের উপসনালয়ে মূর্তি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যে গোষ্ঠী হিন্দু ও বৌদ্ধদের মন্দিরে মূর্তি ভাংচুর ও আগুন দিয়েছে, সেই একই গোষ্ঠী খ্রিষ্টানদের গীর্জায়ও আগুন দিয়েছে। দেশকে অস্থিতিশীল করতে ওই গোষ্ঠীই মসজিদের জায়নামাযে ও কোরআন শরীফে আগুন দেয়ার দু:সাহস দেখিয়েছে।
বুধবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধনকালে একথা বলেন শামীম ওসমান।
