ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা বাতিল

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২৩:০০
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার আদালতে ইমরান খান বলেন, জ্যেষ্ঠ বিচারকদের সম্মানহানি করে কোনো বক্তব্য তিনি দেননি। খবর ডন এর। চলতি বছরের মে মাসে দেশটির পার্লামেন্ট নির্বাচনে কারচুপির বিষয়ে নির্বাচন কমিশন এবং বিচারকরা কিছু করছেন না বলে তাদের সমালোচনা করেছিলেন ইমরান খান। তাকে দ্বিতীয়বারের মতো আদালতে তলব করা হলে গতকাল তিনি আদালতে হাজির হন। পিটিআই প্রধান বলেন, বিচারকদের অসম্মান করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে অসম্মান করা। তাই তাদের অমর্যাদা করার কোনো ইচ্ছা আমার ছিল না। তিনি জানান, আমি কেবল রিটার্নিং অফিসারের অবহেলার বিষয়টি বলেছিলাম। বিচারকদের বিষয়ে কিছু বলিনি। বরং আমি বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। এরপর তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেলের প্রধান বিচারক আনোয়ার জহির জামালি মামলাটি বাতিল করার নির্দেশ দেন।