ফটিকছড়িতে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সর্বত্র উত্সবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী বিকালে ফটিকছড়ির পাইন্দং ফেলাগাজির দীঘির মাঠে এক জনসভায় বক্তৃতা করবেন। ফটিকছড়ির পাইন্দং ফেলাগাজির দীঘির মাঠ থেকে তিনি ডিজিটাল ব্যবস্থায় চট্টগ্রামের ১২টি প্রকল্প উদ্বোধন করবেন।
জানা যায়, প্রধানমন্ত্রী বেলা ১১টায় চট্টগ্রামে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের কমিশনিং অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর তিনি খুলনা শিপইয়ার্ডে নির্মিত বানৌজা দুর্জয় এবং নির্মূল এর কমিশনিং অনুষ্ঠানে এবং বানৌজা বঙ্গবন্ধু-কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করবেন। দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত তিনি নেভাল বার্থ চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থান করবেন। পরে তিনি ফটিকছড়িতে আওয়ামী লীগের জনসভায় যোগ দেয়ার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে পাইন্দং যাবেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম গতকাল বুধবার ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি জনসভা উপলক্ষে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে উত্সাহ-উদ্দীপনা।
