নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় গত মঙ্গলবার জামায়াতকে সমাবেশ করতে না দেয়া এবং দেশের বিভিন্ন স্থানে ৩০ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি নিন্দা জানিয়ে বলেন, সভা-সমাবেশ জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান সরকার গণতন্ত্র, আইনের শাসন ও সংবিধানে বিশ্বাস করে না। তিনি বলেন, গত তিন বছর ধরে দেশের কোথাও জামায়াত ও ছাত্রশিবির সভা-সমাবেশের আয়োজন করলেই বাধা দেয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি মুখে নারীদের সম্মান ও মর্যাদার কথা বললেও সরকার কার্যত: নারীদের কোন অধিকারেই বিশ্বাস করে না। বরিশালের মুলাদি ও নোয়াখালীতে ইসলামী ছাত্রী সংস্থার ২৪ জন নেত্রী-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালীতে জামায়াতের তিনজন কর্মীসহ সারাদেশে ৩০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নারী নেত্রীসহ দলের নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি
