ষড়যন্ত্র করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা আটকে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা কূট কৌশল ও ফন্দি ফিকির অব্যাহত রেখেছে সরকার। নিম্ন আদালতকে ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেই ক্ষান্ত হয়নি সরকার, এখন উচ্চ আদালতকে ব্যবহার করছে। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অবজারভেশন দেয়া হলো, উচ্চ আদালতের আপিল বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিতের কোনো বিধান নেই। আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘোষণা দিলেন- দণ্ডপ্রাপ্ত আসামিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। মূলত বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই তড়িঘড়ি করে সরকারের মেকানিজমে এরকম একটি আদেশ দেয়া হলো। গতকাল মঙ্গলবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতীতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন করার নজির রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর দণ্ডিত হয়েও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়া দণ্ডিত হয়ে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী মন্ত্রিত্ব করে যাচ্ছেন।
