উদ্ধার হওয়া ফুটফুটে সেই নবজাতকের বয়স আনুমানিক তিন দিন। ঢাকা শিশু হাসপাতালের ৩০১ নম্বর কেবিনে চিকিত্সাধীন নবজাতককে ঘিরে ছিল উত্সুক মানুষের ভিড়। গত মঙ্গলবার হাসপাতালের একটি টয়লেট থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু তৈয়ব বলেন, কন্যা নবজাতকটিকে আমরা কেবিনে রেখে চিকিত্সা সেবা দিচ্ছি। সে সুস্থ আছে।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, চিকিত্সা শেষে আমাদের কাছে হস্তান্তর করা হবে নবজাতককে; কিন্তু তার আগেই চেষ্টা করছি তার অভিভাবককে খুঁজে বের করতে। হাসপাতাল ও আশপাশের সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে শিশুটিকে কে বা কারা ফেলে গেছেন সেই রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার রাত থেকেই শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে অনেকেই ভিড় করছেন। এতে শিশুর স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কায় তার কেবিনের বাইরে পুলিশ মোতায়েন করেছি। এ ঘটনায় নার্স ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানায়, নবাজাতকটির বাবা-মাকে খুঁজতে মঙ্গলবার রাতেই ডিএমপির তেজগাঁও ডিসি ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। এরপর থেকে অনেক ফোন আসছে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। ফেসবুক পেজে লেখা হয়েছে, শিশুটির মা-বাবা/পরিচিত জনের কোনো তথ্য জেনে থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের ঠিকানা: ওসি (শেরে বাংলানগর থানা): ০১৭১৩৩৯৮৩৩৫, এসি (তেজগঁঋও জোন): ০১৭১৩৩৭৩১৭৮।
