উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লার জোবেদা বেওয়া (৭৫) বয়স্ক কিংবা বিধবা ভাতা কোনটাই পাননি। স্বামী হেকমত আলী অনেক পূর্বে গত হয়েছেন। খেয়ে না খেয়ে দিন যায় তার। প্রতিদিন হাজী জামালউদ্দিন ডিগ্রী অনার্স কলেজ ক্যাম্পাস ঝাড়ু দিয়ে খড়-কুটা, কাগজ ও গাছের পাতা কুড়িয়ে তিনি যা পান নিজের রান্নার জন্য রেখে অবশিষ্ট বিক্রি করে জীবন চালান। জোবেদা বলেন, শরীর পারে না তবুও পেটের জন্য কষ্ট করতে হয়। বয়স্ক বা বিধবা ভাতা কাকে দেয়া হয় তাও তিনি জানেন না। তবে তিনি শুনেছেন ঐ ভাতার কার্ড পেতে টাকা লাগে। তিনি যা আয় করেন তা দিয়ে খাওয়াই হয় না, কার্ড নিবেন কি দিয়ে? উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালেব বলেন- পাড়া-মহল্লায় ঘুরে দুস্থ বয়স্কদের তালিকা করা হয়। কিন্তু এতে তার নাম নেই।
