সখীপুরে এমপিওভুক্ত হয়নি ১০ প্রতিষ্ঠান

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:২১
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৪টি মহাবিদ্যালয়সহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন। ফলে একদিকে যেমন তারা পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টে আছেন, অন্যদিকে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অনিয়মিতভাবে পাঠদান করায় শিক্ষার্থীদেরও লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় নন এমপিওভুক্ত ৪টি মহাবিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যায়ল ও ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলো হলো- সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ, পলাশতলী মহাবিদ্যালয়, ভূয়াইদ টেকনিক্যাল ইনস্টিটিউট এ্যান্ড বিএম কলেজ, সূর্যতরুণ স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখা, ঢনঢনিয়া উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুর রকিব বীর বিক্রম উচ্চ বিদ্যালয়, কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বেড়বাড়ি দাখিল মাদরাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা নিয়মমাফিক প্রতিষ্ঠানে আসেন না। এতে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটছে। সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান আনম বলেন, শিক্ষা প্রসারের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়া খুবই জরুরি। অন্যথায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দাঁড়াবে কোথায়।