মিঠাপুকুরে বন বিভাগের চারা নষ্ট করে আমন ধান রোপণ

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:২২
মিঠাপুকুরে সদর বন বীটের সম্পত্তির চারা বিনষ্ট করে আমন ধানের চারা রোপণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শাল্টিগোপালপুর সদর বনবীটের দুর্গামতি মৌজায় প্রায় ৭০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছিল। গত ১১ আগস্ট বন বিভাগের লোকজনের সহায়তায় ওই জমির চারা বিনষ্ট করে আমন চারা রোপণের চেষ্টা করা হয়। এসময় স্থানীয় লোকজনের বাধার মুখে আমন চারা রোপণ করতে পারেনি প্রভাবশালীরা। উপকারভোগী ও বনরক্ষা কমিটির সভাপতি ইলিয়াস আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ তদন্ত করে ওই জমিতে আমন চারা রোপণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু এ ঘটনার ২দিন পর ১৩ আগস্ট বন বিভাগের লোকজনের সহায়তায় প্রভাবশালী মহলটি সেখানে আমন চারা রোপণ করেছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, দুর্গামতি গ্রামের চান্দু মিয়া সদর বন বীট কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে তার নামে, স্ত্রী-সন্তান ও ভাইয়ের নামে একাধিক ডিড করে নেন। দুর্গামতি এলাকার উপকারভোগী সদস্যরা এ ঘটনায় রংপুর অঞ্চলের সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা, প্রধান বন সংরক্ষকসহ ৭টি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বন বিভাগ কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।