আড়াইহাজারে বিদ্যুত্ সংযোগের অপেক্ষায় দেড় হাজার গ্রাহক

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:২৪
আড়াইহাজার উপজেলার পল্লী বিদ্যুতের গোপালদী জোনাল অফিসের আওতায় নতুন বিদ্যুত্ সংযোগের জন্য ২ বছর অপেক্ষা করছে দেড় হাজার গ্রাহক। জানা গেছে, পল্লী বিদ্যুতের গোপালদী জোনাল অফিসের আওতায় শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহক রয়েছে ১৯ হাজার। আরো দেড় হাজারের বেশি গ্রাহক নতুন সংযোগের জন্য আবেদন করে আড়াই বছর ধরে অপেক্ষা করছেন। তারা কবে নাগাদ সংযোগ পাবেন নিশ্চয়তা দিতে পারছেন না কর্তৃপক্ষ। গ্রাহকরা বলেন, ওভারলোডের অজুহাত দেখিয়ে খাগকান্দা, কালাপাহাড়িয়া, বিশনন্দী, মাহমুদপুর ও উচিত্পুরা ইউনিয়নে সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুত্ সমিতি। সরকারিভাবে ১ বছর ধরে নতুন সংযোগ দেয়া বন্ধ থাকলেও এর অনেক আগে থেকেই রহস্যজনক কারণে লাইন দেয়া বন্ধ রেখেছে এ কর্তৃপক্ষ। গোপালদী পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম হযরত আলী জানান, ফিডার ওভারলোডিংয়ের কারণে নতুন সংযোগ দেয়া যাচ্ছে না। আশা করি ৩/৪ মাসের মধ্যে সংযোগ দেয়া হবে।