বিএনপি অকার্যকর দলে পরিণত হয়েছে:তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৫২

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি একটি অকার্যকর দলে পরিণত হয়েছে। গতকাল বুধবার তথ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি এক সৌজন্য সাক্ষাত্ করেন। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে এসে বাংলাদেশ এখন মধ্যম আয়ের, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে, মানুষের গড় আয়ু ৬৭ থেকে এখন ৭৩ বছরে উন্নীত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছবির পরিচালকের দায়িত্বে থাকছেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। এটি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নেতৃত্বে তথ্যসচিবসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিল। সেখানে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ছবির স্ক্রিপ্ট রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন। ছবিটিতে বাংলাদেশের ৬০ ভাগ এবং ভারত সরকারের ৪০ ভাগ মালিকানা থাকবে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর বিষয়ে তিনি বলেন, বিটিভি ভারতে দেখানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। খুব শিগগির আপনাদের সুসংবাদ দিতে পারব।

বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নাজিমুদ্দিন রোডের ব্যাপারে বিএনপি বলেছে ওনাকে জনমানবহীন নির্জন কারাগারে রাখা হয়েছে। এখন ওনাকে নবনির্মিত অত্যাধুনিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পুরনো কারাগারটি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে। এখন তো বিএনপির খুশি হওয়ারই কথা। কিন্তু দেখলাম রিজভী আহমেদ এটি নিয়েও সংবাদ সম্মেলন করেছেন। এখন কোথায় রাখলে তারা খুশি হবেন সেটা বুঝতে পারছি না।