নতুন ভিত্তি বছরে জিডিপি’র আওতা বাড়ছে

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:২৪
নতুন ভিত্তি বছরে মোট দেশজ আয়ের (জিডিপি) আওতা বাড়ছে। ১৯৯৫-৯৬ ভিত্তি বছরের পরিবর্তে ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে ইতিমধ্যে মূল্যস্ফীতি ও ভোক্তার মূল্যসূচক প্রকাশ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জিডিপি’র হিসেবেও নতুন এই ভিত্তি বছর চালু হবে শিঘ্রই। ইতিমধ্যে এ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গতকাল বিবিএস ভবনে অনুষ্ঠিত জিডিপি রিবেজিং ও সিপিআই সংক্রান্ত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়েছে, ভিত্তি বছর পরিবর্তনের ফলে, কৃষি খাতে যুক্ত হচ্ছে ২৪টি নতুন শস্যসহ মোট ১২৪টি শস্যের উত্পাদন তথ্য যুক্ত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তথ্য। মত্স্য খাতে যুক্ত হচ্ছে শুঁটকি মাছ ও পুনঃ চাষযোগ্য পোনা মাছ। শিল্প খাতে খনিজ দ্রব্যের জিডিপি’র হিসেবে পেট্রোবাংলা কর্তৃক গ্যাস পরিশোধন কর্মকাণ্ড, মিনারেল ওয়াটার এর তথ্য অন্তর্ভুক্ত হচ্ছে। পানি সরবরাহ উপখাতে সকল সিটি কর্পোরেশন, জেলাসদর পৌরসভার পানি সরবরাহের তথ্য, পাইকারি ও খুচরা বিক্রয়ের তথ্যে যানবাহন মেরামত, গৃহসামগ্রী ও মেরামত তথ্য যুক্ত করা হচ্ছে। সেবা খাতে এয়ারলাইন্স সেবা দানকারী প্রতিষ্ঠান, ইন্টারনেট ও কেবল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্যও থাকছে। আর্থিক খাতের জিডিপি হিসেবে যুক্ত হচ্ছে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান, লিজিং ও ফাইন্যান্স কোম্পানি, সমবায় ব্যাংকসহ সমবায় সমিতি, এসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অন্তর্ভুক্ত। লিজিং কোম্পানি, মানি চেঞ্জারস, স্টক এক্সচেঞ্জসহ ইত্যাদির তথ্যও যুক্ত হচ্ছে। সার্বিক বিবেচনায় দেখা যায়, ১৯৯৫-৯৬ ভিত্তি বছরের তুলনায় ২০০৫-০৬ ভিত্তি বছরের স্থির ও চলতি মূল্যে জিডিপি’র পরিমাণ যথাক্রমে ৬৬ ভাগ এবং ১৩ ভাগ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।