জেলা সদরে অবস্থিত যৌন পল্লীতে মঙ্গলবারের অপ্রীতিকর ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে তদন্ত টিম সবিস্তারে তাদের তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিবেন। তদন্ত টিমের আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বাবর আলী মীর জানিয়েছেন, টিম ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন।
পুলিশ, যৌনকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার একদল লোক অতর্কিতে পুরান বাজারস্থ যৌন পল্লীতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় ৯/১০ জন পুলিশ আহত হয়। গতকাল বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখা গেছে, পরিস্থিতি শান্ত এবং অনেক বাড়ির মালিক যৌন পল্লীতে অবস্থান করছেন।
মাদারীপুর থানায় এ ঘটনায় মামলা হলে পুলিশ ১৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে। যৌন পল্লী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গঠিত তদন্ত টিমের অপর সদস্যরা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা।
