কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকা থেকে সিএনজি গাড়ির চালক সোনাকে (২৭) সন্ত্রাসীরা শ্বাসরোধ হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে সিএনজি গাড়িসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করেছে। নিহত সোনা ভেড়ামারা উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩নং ব্রিজ এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
ভেড়ামারা মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩নং ব্রিজ এলাকার ইসমাইল হোসেনের ছেলে সোনা’র সিএনজি গাড়ি বুধবার রাতে সন্ত্রাসীরা ভাড়া করে। সন্ত্রাসীরা সিএনজি গাড়ি নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে পৌঁছালে সিএনজি গাড়ির চালক সোনাকে শ্বাসরোধ করে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঐ রাতে র্যাব অভিযান চালিয়ে সিএনজি গাড়িসহ ৪ জনকে কুিষ্টয়ার মঙ্গল বাড়ি এলাকা থেকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে ভেড়ামারার ১০ মাইল এলাকা থেকে সিএনজি গাড়ির চালক সোনা’র লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম সত্যতা স্বীকার করেছেন।
