মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়েছে ওই গ্রামের এক প্রভাবশালী পরিবারের লোকজন। রক্তাক্ত জখম প্রতিবন্ধী যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে। এ ঘটনায় মুজিবনগর থানা পুলিশে অভিযোগ দেয়া হয়েছে। এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী জানায়, মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আনন্দ (৩০) একজন বাক প্রতিবন্ধী। সে ওই এলাকার ডিস ব্যবসায়ী দবির আলীর অফিসে সামান্য বেতনের কর্মচারি। ঘটনার দিন ডিসের বিল চাওয়াকে কেন্দ্র করে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মুনছুর আলীর ছেলে আব্দুর রহমানকে চড় মারে ডিস ব্যবসায়ী দবির আলীর কর্মচারিরা। ওই ঘটনায় আব্দুর রহমান তার ভগ্নিপতি মহাজনপুর গ্রামের আতার ছেলে ফটিক তার চাচাতো ভাই আব্দুস ছাত্তারের ছেলে শহিদুলকে সাথে নিয়ে ডিস অফিসে যেয়ে প্রতিবন্ধী আনন্দকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী প্রতিবন্ধী আনন্দকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ওই ঘটনা মুজিবনগর থানা পুলিশে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
