পথশিশু মুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৫৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য এক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, অচিরেই বাংলাদেশে কোনো পথশিশু থাকবে না।

গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের অংশগ্রহণে কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা শিশুদের উদ্দেশে বলেন তোমাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে সম্পদে পরিণত করতে হবে।

কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, লিনা তাপসী ও আব্দুল মান্নান। কিরাতে প্রথম স্থান অধিকার করে মো. রোমান হাসানাত, হামদে প্রথম স্থান অধিকার করে নুরে জাহান মিলা ও নাতে প্রথম স্থান অধিকার করে মো. আকাশ।

ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন পথশিশু পুনর্বাসন কার্যক্রমের পরিচালক ড. আবুল হোসেন ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজির লিটন।