ফিটনেস ক্যাম্পের শুরু থেকেই মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য ফিটনেস ফিরে পাওয়াটা ছিল বড় এক চ্যালেঞ্জ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ যখন সন্নিকটে তখন এই পেসার নিজেই জানালেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য তিনি পুরোপুরি ফিট।
ফিটনেস ক্যাম্পের এক ফাঁকে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে এই মুহূর্তে আমি সবচেয়ে ফিট। টেস্টে খেলতে পারবো কি না, বোঝার জন্য কয়েকটি ম্যাচ খেলতে হবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেলবো। তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবো। এরপরে বুঝতে পারবো টেস্টে খেলা সম্ভব হবে কি না।’ মাশরাফিকে নিয়ে একইরকম আশার কথা শোনালেন বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেনও। অস্ট্রেলিয়ান এ কোচ বলেন, ‘মাশরাফি কঠোর পরিশ্রম করছেন। প্রতিদিনই একটু-একটু করে উন্নতি হচ্ছে। ওর ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’
