রুপির দরপতন, তেলের মূল্যবৃদ্ধি

ভারতের গোটা অর্থনীতি শোচনীয় অবস্থার মধ্যে পড়েছে :মনমোহন

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২৩:১৫
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারতীয় রুপির হতাশাজনক দরপতন এবং তেলের মূল্য বৃদ্ধির কারণে ভারতের গোটা অর্থনীতি শোচনীয় পরিস্থিতির মুখে পড়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি লোকসভায় একথা বলেন। এই দুটি কারণ ছাড়াও রাজনৈতিক পরিস্থিতিও অর্থনীতিকে খারাপ করার পেছনে ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেছেন। খবর পিটিআইয়ের। গত কয়েকদিন ধরে ভারতীয় রুপির বিব্রতকর দরপতনের প্রেক্ষিতে গতকাল লোকসভায় বিরোধী দলীয় নেতা অরুন জেঠলি প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে আহ্বান জানান। শুরুতেই মনমোহন খারাপ অর্থনৈতিক অবস্থার কথা স্বীকার করে নেন। তিনি এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক দুটি কারণই ভারতের অর্থনীতিকে দুর্ভোগে ফেলেছে। সিরিয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিও পরিস্থিতিকে খারাপ করতে ভূমিকা রেখেছে। তিনি পরবর্তীতে কোনো এক দিন অর্থনীতি নিয়ে বিবৃতি দিবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। রুপির মূল্য নামতে নামতে যে কোথায় গিয়ে ঠেকবে তা জনগণ বুঝতে পারছেন না বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, কেবল চলতি বছরেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে ২৮ শতাংশ। বর্তমানে এক মার্কিন ডলার পেতে ভারতীয়দের ব্যয় করতে হচ্ছে ৬৮ রুপি।