বাংলাদেশ নৌবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করতে একটি সাবমেরিন কেনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ঈসা খান নৌ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস ‘বঙ্গবন্ধু’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি নৌবাহিনীকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও জাতিকে আধুনিক ও ভারসাম্যপূর্ণ ‘ত্রিমাত্রিক’ নৌবাহিনী উপহার দিতে তার সরকার বদ্ধপরিকর।
উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সংযোজিত হলো অত্যাধুনিক দুটি টহল বিমান। একই সাথে সংযোজিত হয়েছে ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিএনএস নির্মূল, দুর্জয় ও সুরমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর পতেঙ্গা জহুরুল হক ঘাঁটি ও নেভাল বার্থে আলাদা অনুষ্ঠানে টহল বিমান ও যুদ্ধ জাহাজের অধিনায়কগণের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। এ সময় বিএনএস বঙ্গবন্ধুকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। নেভাল একাডেমীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে নেভাল একাডেমীতে দুপুরের খাবারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে সরাসরি ফটিকছড়ির জনসভায় যান।
