চাঁদাবাজির অভিযোগ ওঠায় বন্ধ হলো ‘এডুকেশন এক্সপো-২০১৩’। একইসঙ্গে এ মেলায় অংশগ্রহণের নির্দেশনা সম্বলিত অবৈধ আদেশ জারির সঙ্গে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে আদেশে স্বাক্ষর করা সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলমকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘এডুকেশন এক্সপো-২০১৩’ এর নামে জারি করা চিঠি বাতিল করা হয়েছে। এ মেলার বিষয়ে আমরা আমাদের ‘অনাপত্তি’ তুলে নিয়েছি। এ অনাপত্তি নিয়ে যে কর্মকাণ্ড ঘটেছে তাতে আমরা ক্ষুব্ধ ও বিস্মিত। অনাপত্তি তুলে নেয়ায় এখন আর কেউ এ মেলা করতে পারবে না।
এখতিয়ার বহির্ভূত আদেশ জারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যার স্বাক্ষরে ঐ আদেশ জারি করা হয়েছিলো তাকে ‘শো-কজ’ করা হয়েছে।
গত ২৩ জুলাই ‘এডুকেশন এক্সপো-২০১৩’ এ অংশগ্রহণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়। আদেশে এ মেলা আয়োজনের বিষয়ে অনাপত্তি জানিয়ে ‘এডুকেশন এক্সপো-২০১৩’ এ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজসমূহকে অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়।
এ আদেশের সূত্র ধরে গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সকল বিশ্ববিদ্যালয়কে মেলায় অংশগ্রহণের জন্য চিঠি দেয়। এসব চিঠির সূত্র ধরে ‘এইম ওয়ার্ল্ডওয়াইড’ নামের একটি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোতে বেপরোয়া চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠে। এ প্রতিষ্ঠানটি মেলায় অংশগ্রহণের চুক্তির নামে চার লাখ ৯০ হাজার টাকা থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে।
