আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশে অস্তিরতা সৃষ্টির লক্ষ্যে কিছু সংগঠন দেশের বাইরে প্রশিক্ষণ নিয়ে বিদেশ থেকে অর্থ এনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা নিরীহ জনগণ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করছে, বিদ্যুত্ কেন্দ্র ও যানবাহন জ্বালিয়ে দেয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনগণের সম্পদ বিনষ্ট করছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়স্থ কার্যালয়ে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র অধিকৃত দ্বীপ গুয়ামের সুপ্রিম কোর্টের বিচারপতি রবার্ট জে. টোরেস সাক্ষাত্ করতে গেলে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ এখন আন্তঃদেশীয় রূপ নিয়েছে। এজন্য সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সন্ত্রাসে অর্থায়ন বন্ধে আন্তঃদেশীয় সহযোগিতা বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতি দমনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এজন্য সন্ত্রাসে অর্থায়ন ও দুর্নীতি রোধ করতে বর্তমান সরকার অর্থপাচার বিরোধী আইন, সন্ত্রাস বিরোধী আইন, অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন প্রণয়ন করেছে।
