কুমিল্লার বরুড়ায় আনন্দ চন্দ্র ঘোষ জয় (১১) নামে এক স্কুল ছাত্রকে অপহরণের ৩ দিন পর পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ সুভাস চন্দ্র ঘোষ ও বাসনা রানী নামে ২ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়ার ছোট শাকপুর গ্রামের দুর্জয় চন্দ্র ঘোষের সাথে তার ভাই সুবাস চন্দ্র ঘোষের পারিবারিক বিষয়ে বেশ কিছুদিন যাবত্ বিরোধ চলে আসছিল। গত রবিবার রাতে দুর্জয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে জয়কে অপহরণ করা হয়। এ ঘটনায় জয়ের মা পলি রানী ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঐ রাতেই বরুড়া থানা পুলিশ দীপককে গ্রেফতার করে পর দিন ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। বুধবার রাতে উপজেলার ছোট শাকপুর গ্রামের একটি খাল থেকে জয়ের লাশ উদ্ধার করে পুলিশ। জয় বরুড়ার তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
