ব্রিটেনে স্কুল পড়ুয়া ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দেশপ্রেমের শিক্ষা দিতে ব্রিটিশ সরকারের এক পরিকল্পনা কড়া সমালোচনার মুখে পড়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ মুসলিম সেনা সদস্যরা স্কুলগুলোতে গিয়ে দেশপ্রেম বিষয়ে বক্তৃতা দেবেন। তারা মুসলিম শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করবেন যে, একজন ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ব্রিটেনকে ভালবাসা যায়। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন উদ্যোগ ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার সামিল। তাদের আশংকা এটা ব্রিটিশ মুসলমানদের চরম বিব্রতকর অবস্থায় ফেলবে।
গতকাল বুধবার ব্রিটেনের মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি সাময়িকী ‘দি মুসলিম নিউজ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পালন উপলক্ষে নেয়া নানা আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার । এ কাজে প্রায় ৬৫০ ব্রিটিশ মুসলিম সেনা অংশ নেবেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ৭ জুলাই লন্ডন পাতাল রেলে বোমা হামলা, অতিসম্প্রতি লন্ডনের উলউইচে ব্রিটিশ সেনা লী রিগবিকে হত্যাসহ বিভিন্ন নাশকতার কাজে ব্রিটেনে জন্ম নেয়া মুসলিম তরুণদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে সরকার এমন পরিকল্পনা করেছে বলে মনে করা হচ্ছে। তবে সরকারের এমন উদ্যোগ ব্রিটেনের মুসলিম কমিউনিটিকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। ‘দি মুসলিম নিউজ’-এর সম্পাদক আহমদ জে ভার্সি বলেন, ব্রিটেনের মুসলমানরা এমনিতেই নানা হয়রানির শিকার। সরকার ঐসব হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো এমন এক পরিকল্পনা নিয়েছে যা মুসলিম বিদ্বেষকে আরো উস্কে দেবে। তার মতে, এটা মুসলিম শিক্ষার্থীদের দেশপ্রেম সম্পর্কে ভিন্নধর্মী সহপাঠীদের মনে সন্দেহের জন্ম দেবে যা অত্যন্ত অপমানজনক।
