গঙ্গাচড়া উপজেলায় ব্র্যাকের আউশ ধানের ব্লকে শস্য কর্তন অনুষ্ঠানে ব্যাপক সাড়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় সাধনের লক্ষ্যে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের ১২টি জেলার ৫১টি উপজেলার কাজ করে আসছে। ওই কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষকদের কারিগরী প্রশিক্ষণসহ বীজ, চাষ, সার, সেচ ও কীটনাশকের অনুদান প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক গঙ্গাচড়া উপজেলায় মোট ৮শ’ ৫৯ জন কৃষকের ৩শ’ ৬৫ একর জমিতে, ধান চাষ এবং ৩২ জন কৃষকের ২৮ বিঘা জমিতে সবজি চাষের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। একই জমিতে সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার কোলকোন্দ ইউনিয়নে কোলকোন্দ ব্লকে বোরো মৌসুমে হাইব্রিড ধান শক্তি-২, আউশ মৌসুমে হাইব্রিড ধান সাথী আবাদ করা হয়েছে এবং আমন মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি-ধান-৪৯ আবাদ করা হবে। গত বুধবার ওই ব্লকে আউশ ধানের ফসল কর্তনের শেষে দেখা যায় যে, একর প্রতি ৭৯ মণ ধান উত্পাদন হয়েছে যা, কম খরচে ব্র্যাকের নতুন প্রযুক্তি ব্যবহার করে, অধিক ফলন হয়েছে, ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রযুক্তির ব্যবহার সমগ্র উপজেলায় আগামী আউশ মৌসুমে ব্যাপকভাবে চাষাবাদ হবে বলে এলাকাবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিকের সভাপতিত্বে ও ব্র্যাক জেলা প্রতিনিধি ছাব্বির হোসেনের পরিচালনায় ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ফিরোজ আহমদ, রংপুর জেলা প্রশিক্ষণ অফিসার (ডি.এ.ই) আলী আজম, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
