বি. চৌধুরী নির্বাচন করছেন না

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০১:২২

বিকল্পধারা প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনি তা জমা দেননি। এরপর ঢাকা-১১ (বাড্ডা-বেরাইদ-সাতারকুল) আসন থেকে তার নির্বাচন করার কথা শোনা গেছে। তবে বি. চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বি. চৌধুরী নির্বাচন করছেন না। এ কারণে তিনি নির্বাচন কমিশন থেকে কোনো মনোনয়ন ফরমও নেননি। উল্লেখ্য, নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন আজ বুধবার।

এদিকে, আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারা কিংবা যুক্তফ্রন্টের আসন সমঝোতা এখনও হয়নি। আসন নিয়ে বি. চৌধুরী গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সময় চেয়েও পাননি।

বিকল্পধারার নেতারা দাবি করছেন, সাত-আটটি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ার বিষয়ে আগে যুক্তফ্রন্ট ইঙ্গিত পেয়েছিল।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন ইত্তেফাককে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলেছেন তারা দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিলেও সঙ্গে প্রত্যাহারপত্রেও স্বাক্ষর নিয়ে রেখেছেন। সেই কারণে আমরা আশা করছি শেষ পর্যন্ত আমরা সম্মানজনক আসনে ছাড় পাবো। এরপর নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।’ মিলন বলেন, ‘বিকল্পধারার ও যুক্তফ্রন্টের সংশ্লিষ্ট নেতারা যার যার মতো মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেবেন। এরপর যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা হবে।