ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের রেখে যাওয়া একটি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মারা গেছেন সিআইডি পুলিশের এক বোমা বিশেষজ্ঞ। এতে আহত হয়েছেন আরও দু’জন। জলপাইগুড়ির পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অনিল পি জাভালগি জানান, আলিপুরদুয়ার শহরের একটি ব্যস্ত এলাকায় বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত সাইকেল খুঁজে পায় টহলদার পুলিশ। সেটিতে একটি ব্যাগ রাখা ছিল। সন্দেহ হওয়াতে কাছের একটি খেলার মাঠে সাইকেলটি নিয়ে যায় পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করার সময়েই সেটি ফেটে গিয়ে মারা যান সিআইডির বোমা বিশেষজ্ঞ লালবাহাদুর লোহার।
