আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের খোঁজ পেতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তাকারী পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদির কারাদণ্ডাদেশ বাতিল করেছে দেশটির একটি আদালত। দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে যুক্তরাষ্ট্রের সৈন্যদের তথ্য দেয়ার অভিযোগে ২০১২ সালে ডা. শাকিলের ৩৩ বছরের কারাদণ্ড হয়। বৃহস্পতিবার পাকিস্তানের জ্যেষ্ঠ বিচারক শাহেবজাদা মোহাম্মদ আনিস আগের বিচারকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তার দেয়া রায় বাতিল করেন। শাকিল আফ্রিদির পুনর্বিচারের সিদ্ধান্ত দেন তিনি। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের সেনাশহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সৈন্যদের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। তখন লাদেনের অবস্থানের তথ্য দেয়ায় শাকিল আফ্রিদিকে ‘নায়ক’ হিসাবে অভিহিত করে যুক্তরাষ্ট্র। এর পর-পরই গ্রেপ্তার হন শাকিল আফ্রিদি।
