ভারতে রুপির নজিরবিহীন পতনকে দেশটির জন্য চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসাবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের মুখপাত্র গেরি রাইস গতকাল বলেন, রুপির বর্তমান পরিস্থিতি ভারত সরকারের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে সরকারের বিভিন্ন নীতি অব্যাহত রাখারও সুযোগ সৃষ্টি করেছে। -খবর পিটিআইর।
এদিকে সংকট উত্তরণে ভারত সম্ভবত তার মজুদকৃত স্বর্ণ আইএমএফের কাছে বিক্রি করছে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাইস কিছু বলতে চাননি। ইউএস ইন্ডিয়া বিজনেজ কাউন্সিল (ইউএসআইবিসি) প্রেসিডেন্ট রন সমার্স বর্তমান পরিস্থিতি থেকে অর্থনীতিকে এগিয়ে নিতে বিনিয়োগ-কারীদের আস্থা ফেরানোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণে প্রয়োজন সাহসী নেতৃত্ব যা ভারতের অর্থনীতিকে অবাধ ও সংস্কার কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাবে।
