রাঙ্গুনিয়ায় হাজী সৈয়দ আলী সড়কে চরম দুর্ভোগ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩০
রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে হাজী সৈয়দ আলী সড়কের বিস্তীর্ণ এলাকায় মাটি খুঁড়ে এবং কয়েক স্থানে বড় বড় গর্ত খুঁড়ে বেহাল অবস্থার সৃষ্টি করে উন্নয়ন কাজের ঠিকাদার উধাও হয়ে গেছে। গত প্রায় দুই মাস ধরে সড়কে যাতায়াতে সাধারণ মানুষ অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছে। এলাকায় চাষাবাদ, ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে দারুণভাবে। দক্ষিণ রাঙ্গুনিয়ার যোগাযোগ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ হাজী সৈয়দ আলী সড়ক। উপজেলার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়নের চলমান সরকারি পরিকল্পনায় এই সড়কের উন্নয়নের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। চলতি বছর পূর্বকোদালা এবং পশ্চিম কোদালায় সাড়ে ৪ কিলোমিটার অংশে পিচ ঢালাইয়ের মাধ্যমে সড়কের উন্নয়নের কর্মকাণ্ডে যথারীতি ঠিকাদার নিয়োগ দেয়া হয়। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলীর দফতর সূত্রে জানা গেছে, হাজী সৈয়দ আলী সড়কের উন্নয়ন কাজের জন্য কোদালা অংশে তিন কিলোমিটার এবং পশ্চিম কোদালায় চাবাগান অংশে দেড় কিলোমিটার অংশে পিচ ঢালাই করে উন্নয়নের জন্য ৩ কোটি ৯৫ লক্ষ টাকার বরাদ্দ থেকে যথারীতি মনির আহমদ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী হাসান আলী হাজী সৈয়দ আলী সড়কে সৃষ্ট দুরবস্থায় জনদুর্ভোগের বিষয়ে স্বীকার করে জানান, যথাসময়ে কাজ সম্পন্ন করার জন্য বার বার তাগিদ দেয়া হচ্ছে।