ধামরাইয়ের সংঘর্ষে চার পুলিশসহ আহত ১০

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৪
ধামরাইয়ে ছাত্রদলের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এসময় ছাত্রদল নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের বাস-ট্রাক ও প্রাইভেটকারসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে ধামরাই থানার ৪ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ গাড়ি ভাংচুরের সঙ্গে জড়িত থাকায় অভিযোগ ১৩ জনকে আটক করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানিকগঞ্জে কর্মীসভায় যোগ দেয়ার জন্য বৃহস্পতিবার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যায়। এসময় ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঢাকা জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের সমর্থকরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ধামরাই থানার ওসি মো. আ. রশিদ, এসআই সেকেন্দার আলী, কনস্টেবল শুভ, আব্দুল আলিম ও ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরজু মিয়াসহ ১০জন আহত হয়। আহতরা ধামরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।