দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৪ জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
বীরগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে গত বৃহস্পতিবার সকালে জলোমুনশির পুত্র বাবুল ইসলাম (৪০) নিজ বাসায় ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার ১ ঘণ্টা পর তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে রুবেল মিয়া (১৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া ফতুল্লার মধ্য নরসিংপুরের জামালউদ্দিনের ছেলে।
ঘাটাইল (টাঙ্গাইল)
গত বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার কর্ণা গ্রামের মনিরা বেগম (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনিরার স্বামী হারুন-অর-রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
হালুয়াঘাট (ময়মনসিংহ)
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাউলারা গ্রামে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শামছুদ্দিন খানের পুত্র। অপরদিকে গাঙ্গিনাপাড় গ্রামে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রী মুকলিমা (১৪) পেটের ব্যথা সইতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির দীঘির পাড়ে একটি আম গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পরিবারের সদস্যরা দেখতে পায়। মুকলিমা ঐ গ্রামের হাজী লাল মাহমুদের কন্যা এবং কৈচাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
মাগুরা
মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে গত বৃহস্পতিবার সকালে দু’গ্রুপের মধ্যে বিরোধ ঠেকাতে গিয়ে নারায়ণ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হলে সেখানে উপস্থিত নয়ন বিশ্বাস দ্বন্দ্ব মীমাংসা করতে গেলে তিনি আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তির পর গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
জিয়ানগর (পিরোজপুর)
জিয়ানগরে গত বৃহস্পতিবার দুপুরে হাত-পা ও মুখ বাঁধা এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তরুণীর পরণে লাল রংয়ের সেলোয়ার কামিজ ছিল।
নান্দাইল(ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশায় গত বৃহস্পতিবার সকালে মদিনা আক্তারের (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মিরসরাই (চট্টগ্রাম)
মিরসরাইয়ে নয়দুয়ার বেলতলায় গত বৃহস্পতিবার ট্রেনের নিচে সীমান্ত (২০) নামের এক যুবক অভিমান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের স্বপনের ছেলে।
সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় গতকাল শুক্রবার সকালে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাকিবুল ইসলাম নাটোর সদরের সুলতানপুর গ্রামের ওমর আলীর ছেলে। সে ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্ট লালমাটিয়া ঢাকার অনুকূলে চাকরি করত।
নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের বাগান থেকে গত শুক্রবার নাসির শেখ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নাসির ওই গ্রামের তাজেদ শেখের ছেলে।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুরে গত বৃহস্পতিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে শিশুসহ ২ জন মারা গেছে। নিহতরা হলো উপজেলার চিথলী দক্ষিণপাড়া গ্রামের কৃষক মামুন মিয়ার ছেলে ২য় শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (৮) ও ইমাদপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে এরশাদ মিয়া (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ভড়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার জুয়া খেলাকে কেন্দ্র দুই গ্রুপের মারামারিতে হারুন-অর-রশিদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ রুবেল ও মোশাররফ নামের দুইজনকে আটক করেছে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠায়।
