সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৪০
জীবননগরে গ্রাম আদালত কার্যকরীকরণে কর্মশালা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ অ্যাকটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যকরিকরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গত বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। রাজবাড়ীতে ভারতীয় অবৈধ পণ্য আটক রাজবাড়ী প্রতিনিধি \ গত বৃহস্পতিবার চোরাচালান বিরোধী টাক্সফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে। এ অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড কুষ্টিয়ার ষ্টার্ফ অফিসার মেজর নাহিদুজ্জামান, রাজবাড়ী থানার ওসি সাইফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা। হোসেনপুরে সন্ত্রাসী বাধায় ক্লাস পণ্ড হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার স্থানীয় সন্ত্রাসীদের বাধায় বিদ্যালয়ের ক্লাস পণ্ড হয়ে যায়। খবর পেয়ে হোসেনপুর ইউএনও মো:আবুল কালাম আজাদ ও হোসেনপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আফাজুর রহমান খান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিভিন্ন দাবি নিয়ে বিরোধ চলে আসছিল। কুমিল্লায় ৬৮ কেজি ভারতীয় জিরা ও কিশমিশ আটক চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন সীমান্তে গত বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ৬৮ কেজি ভারতীয় জিরা ও কিশমিশ আটক করেছে বিজিবি। জানা গেছে, বিজিবি ১০ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মামুন আল মাহমুদের নির্দেশনায় বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এসময় তারা মালিকবিহীন অবস্থায় ৪৪ কেজি ভারতীয় জিরা, ২৪ কেজি কিচমিচ ও ৭২ বোতল মদ উদ্ধার করে। বদরগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের বদরগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইসতিয়াক আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান, মোহসিনা বেগম, উপজেলা জাসদের সভাপতি ধনঞ্জয় রায় প্রমুখ। দীঘিনালায় সেনা জোনের বৃত্তি প্রদান দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ দীঘিনালা সেনা জোন (২৮) বীর এর সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার ১০ জন মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তিপ্রদান করেছে। এতে প্রধান অতিথি ছিলেন, দীঘিনালা জোন কমান্ডার লেপ্টেনেন্ট কর্নেল মো:লোকমান আলী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকে এমএনামুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন ভুইয়া, দীঘিনালা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব প্রমুখ। রংপুরে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার রংপুর প্রতিনিধি \ রংপুরে ২৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর নজিরেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, লালমনিরহাটের হাতিবান্ধা থেকে পিকআপ ভ্যানে (ঢাকা-মেট্রো-ন-১৬-৫৫৪৮) করে গাঁজা দিনাজপুরে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ গতকাল দুপুরে রংপুর-বদরগঞ্জ সড়কের নজিরেরহাট এলাকায় ভ্যানটি আটক করে। এ সময় ভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল-আমিন (২৯), ছাইয়াতুন (৩০) ও কবির হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়। কাজীপুরে হতদরিদ্র পরিবারে নলকূপ বিতরণ কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার কাজীপুর উপজেলার সেবামূলক প্রতিষ্ঠান ইছামতি দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে এখানকার ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে। উক্ত প্রকল্পের পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ইছামতি কমপ্লেক্সের চেয়ারম্যান ও রাজশাহী মেডিক্যাল কলেজের প্রফেসর ডাঃ মোঃ এনামূল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে নলকূপ বিতরণ করেন। এ সময় বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। শেরপুরে ১৯৫ শিক্ষার্থীকে ব্রিলিয়ান্টের বৃত্তি প্রদান শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে দি ব্রিলিয়ান্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইয়্যেদুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালীম প্রমুখ। কুমিল্লায় ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লা প্রতিনিধি \ গত বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ লাখ ৫০ হাজার টাকার ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন। বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, প্রফেসর আমীর আলী চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সেকান্দর আলী প্রমুখ। জীবননগরে ৫ বিঘার কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরের চ্যাংখালী মাঠে শত্রুতা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তদল ৫ বিঘা জমির ফলন্ত কুলবাগান কেটে সাবাড় করে দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং জিডিতে তাদের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। উলিপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের অর্থ বিতরণ উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে অল্প খরচে অধিক ফলন নিশ্চিত করতে ব্র্যাকের উদ্যোগে ব্লক পর্যায়ের কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ব্র্যাক অফিস হলরুমে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম। বানারীপাড়া প্রেসক্লাবের ভবন নির্মাণ উদ্বোধন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় প্রেসক্লাব ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। সিংড়ায় ফরম পূরণে অতিরিক্ত ফির প্রতিবাদে বিক্ষোভ সিংড়া (নাটোর) সংবাদদাতা\ নাটোরের সিংড়ায় গোল-ই আফরোজ সরকারি কলেজের ডিগ্রি পাস পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করে । এসময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে কলেজের দরজা জানালার কাঁচ ভাংচুর করে । বদরগঞ্জে সড়কে ডাকাতি বদরগঞ্জ(রংপুর)সংবাদদাতা \ রংপুর-বদরগঞ্জ সড়কে বুধবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেলসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এ ডাকাতির পর এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে। পটুয়াখালীতে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন পটুয়াখালী প্রতিনিধি \ বৃহস্পতিবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসিড দগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলের আওতায় পটুয়াখালীর বন্ধুসভার উদ্যোগে এই এসিড সন্ত্রাস বিরোধী মানববন্ধনে রাজনৈতিক , সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। সাতকানিয়ায় সড়ক বিভাগের ওজন সার্ভে সম্পন্ন সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রাম সাতকানিয়ায় কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওজন পরিমাপ সার্ভে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে এ সার্ভে শুরু হয়ে তিনদিন পর শেষ হয়। মহাসড়কের দু’পাশে দু’টি বুথ বসিয়ে সড়কের উপর চারটি প্লেট দিয়ে কম্পিউটার সংযোগের মাধ্যমে ডিজিটাল ওজন নিরূপণ করা হয়। কালিয়াকৈরে পোশাক কারখানায় হামলা কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ মোবাইল নিয়ে কারখানার ভিতরে প্রবেশ করতে না দেয়ায় বৃহস্পতিবার গাজীপুরে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় সাউদার্ন নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে কারখানার নিরাপত্তা কর্মীসহ কমপক্ষে-১০ জন আহত হয়েছে। মিঠাপুকুরে বিদ্যুত্স্পৃষ্টে ২ জনের মৃত্যু রংপুর প্রতিনিধি \ মিঠাপুকুর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার চিথলী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার চিথলী দক্ষিণপাড়া গ্রামের কৃষক মামুন মিয়ার পুত্র ২য় শ্রেণির ছাত্র মারুফ মিয়া (৮) বিকেলে নিজ ঘরে বিদ্যুতের সকেট লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চরভদ্রাসনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাত \ চরভদ্রাসনে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক মাস্টার প্রমুখ। নরসিংদীতে হামলার প্রতিবাদে মানববন্ধন নরসিংদী প্রতিনিধি \ খেলা শেষে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়বৃন্দ, দর্শক ও ছাত্রবৃন্দ বিদ্যালয়ে ফেরার পথে বেলাব পাইলট মডেল বিদ্যালয়ের কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল প্রাক্তন ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার দেওয়ানের চর স্কুল সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেছে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসী। দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুকুর রহমান ভূইয়া অবিলম্বে হামলাকারী উচ্ছৃঙ্খল প্রাক্তন ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। স্কুলে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে রায়পুরে মানববন্ধন রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ রায়পুর শহরের স্টেশন রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন। কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঞ্জুর কাদের, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, সহকারি শিক্ষক আবুল কাসেম ও ভুঁইয়া কামাল রায়হান প্রমুখ। পবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ মেরিট অ্যাওয়ার্ড প্রদান পবিপ্রবি সংবাদদাতা \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যোগে গত বৃহস্পতিবার ডিনস্ মেরিট পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ, সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভূইয়া, মত্স্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সুলতান মাহমুদ, প্রফেসর শামসুল হক হাওলাদার। কমলগঞ্জে শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত বৃহস্পতিবার কমলগঞ্জে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ পৌরসভার আয়োজনে এবং সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা, আইআরজিডিএসএল, এনজিও ফোরাম ও ডব্লিউএসপি এর সহযোগিতায় পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ-এর সভাপতিত্বে ও আইআরজিডিএসএল এর প্রোগ্রাম ম্যানেজার নূর মোহাম্মদের সঞ্চালনায় কর্মশালার আলোচনা পর্বে অংশগ্রহণ করেন পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব প্রমুখ। খুলনায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন খুলনা অফিস \ খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রথমবর্ষের ছাত্র সজীব (১৭) হত্যার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গত বৃহস্পতিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নগরীতে একটি মৌন মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন কলেজের সাবেক জিএস মশিউর রহমান, সেন্ট যোসেফ স্কুলের শিক্ষার্থী তুর্য, অনিক, আকাশ, শিমুল প্রমুখ। গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর জেলা সদরের চান্দনা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রোটারিয়ান আলহাজ্ব সামসুদ্দীন সরকার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আনোয়ার হোসেন, সফিউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। হাইটেক পার্ক ও আইটি ভিলেজ বিষয়ক সেমিনার শেরপুর প্রতিনিধি \ তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ে হাইটেক পার্ক ও আইটি ভিলেজ স্থাপন বিষয়ে এক সেমিনার হয়েছে। এতে ‘তথ্য-প্রযুক্তির বিকাশ এবং আমাদের সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ ও মাল্টিমিডিয়া উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.কে.এম. লুত্ফর রহমান। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো?হাম্মদ জাকীর হোসেন। দুমকিতে বৃক্ষ মেলা উদ্বোধন দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা \ দুমকি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষিবিভাগ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর রশীদ হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান। সভাপতিত্ব করেন শাব্বির আহম্মদ। কুষ্টিয়ায় সিএনজি মালিক সমিতির মানববন্ধন ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার সিএনজি চালক সোনা হত্যার প্রতিবাদ জানিয়ে খুনীদের ফাঁসির দাবিতে কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি’র উদ্যোগে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম মনা, উপজেলা সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ। আদিতমারীতে টিসিবি’র দোকান উদ্বোধন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার রেলস্টেশন সংলগ্ন এলাকায় টিসিবি’র দোকানের উদ্বোধন করা হয়েছে। আর এ দোকানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। এসময় ইউএনও রেজাউল আলম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার চৌধুরী, জেলা সমবায় অফিসার নূর মোহাম্মদ প্রমুখ। গাংনীতে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার মেহেরপুরের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক জাবলুন্নবীর নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়া-মেহেরপুর রোডে মানববন্ধন করেছে ওই কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা । গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর রোড়ের দু’পাশে জোড়পুকুরিয়া থেকে তেরাইল পর্যন্ত এক কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ এবং বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুসরত-সুলতানা সিমি এবং কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান ।