সিরিয়া পরিস্থিতি, মার্কিন নীতিতে পরিবর্তন রুপির দরপতনের বড় কারণ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৪
কেবল জাতীয় নয়, আন্তর্জাতিক কারণও ভারতীয় রুপির বিপর্যয়ের পিছনে ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিরিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও আমেরিকার পরিবর্তিত নীতি উদীয়মান অর্থনীতিগুলোর মুদ্রাকে দুর্বল করার পেছনে ভূমিকা রাখছে বলে তিনি দাবি করেন। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান প্রতিদিন কমতে কমতে এখন তলানিতে এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে বিরোধী দল সম্মিলিতভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে আহ্বান জানায়। তাদের চাপের মুখে গতকাল শুক্রবার লোকসভায় বিবৃতি দেন তিনি। খবর এনডিটিভি ও পিটিআইয়ের। বিবৃতিতে মনমোহন বলেন, লাগাতার ভাবে পড়তে থাকা রুপির দর সরকারে জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক কারণের পাশাপাশি ‘অভ্যন্তরীণ’ কারণও দায়ি। তিনি বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে, ভারত আজ কঠিন আর্থিক অবস্থার মুখোমুখি। আমি যেমন অভ্যন্তরীন কারণকে এর জন্য অস্বীকার করছি না, তেমনই বেশকিছু আন্তর্জাতিক পরিস্থিকেও এর জন্য দায়ী করতে হবে। দর যে শুধু ভারতীয় রুপির কমেছে বা কমছে তা নয়, অন্যান্য দেশের আর্থিক অবস্থাও একই পরিস্থিতি অতিক্রম করছে। অর্থনীতির এই দুরবস্থা কাটিয়ে উঠতে সরকারী প্রচেষ্টার বিশদ খতিয়ান তুলে ধরেন তিনি। তিনি বলেন, বাজার চাঙ্গা করতে আমাদের চেষ্টা ফলপ্রসূ হবে বলে আশা করছি। মনমোহন বলেন, চলতি খাতে ঘাটতি রয়েছে। আমাদের ঘাটতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। রপ্তানিতে বৃদ্ধি ঘটাতে পারলেই এই অবস্থার পরিবর্তন সম্ভব। বিবৃতিতে মনমোহন বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে এত কিছুর পরেও সরকার যে মুক্ত অর্থনীতির পথ থেকে সরে আসবে না তা স্পষ্ট করে দেন তিনি। দেশবাসীকে স্বর্ণের ও তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে আমদানি কমিয়ে আমাদের রফতানি বাড়াতে হবে। বাণিজ্যিক খাতে ঘাটতিও রুপির দরপতনে প্রভাব ফেলেছে বলে মন্তব্য তার। পরিস্থিতি মোকাবিলায় কোষাগার ঘাটতি কমানোর জন্য সরকার ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে তিনি আশ্বাস দেন। তিনি আরো বলেন, চলতি আর্থিক বছরে কোষাগার ঘাটতি ৪ দশমিক ৮ শতাংশে রাখার জন্য সরকার প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিবে। বিবৃতির শেষে আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে কয়েকটি বিল পাসের ব্যাপারে বিরোধীদের সহযোগিতা চান তিনি।