আমার মাথায় চুলই নেই, উড়ে যাবারও ভয় নেই :নাসিম

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘আন্দোলনের বাতাসে প্রধানমন্ত্রীর চুল উড়ে যাবে’ বলে বিরোধী দলীয় নেত্রীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে বলেছেন, খালেদা জিয়া ১৫ আগস্ট যে জন্মদিন পালন করেন তা যেমন নকল, তেমনি তার মাথার চুলও নকল। সেই নকল চুল উড়তে পারে, কিন্তু আওয়ামী লীগের সেই ভয় নেই। অবশ্য আমার মাথায় তো চুলই নেই, তাই উড়ে যাওয়ারও ভয় নেই। গতকাল শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর চুল যেমন আসল, তার কথাতেও কোন ভেজাল নেই। প্রধানমন্ত্রীর কথারও নড়চড় হবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, বাংলার মানুষ খালেদা জিয়ার কোন হুমকির কাছে মাথা নত করবে না। আওয়ামী লীগের কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে, প্রয়োজনে মানুষের কাছে আমরা ক্ষমা চাইবো—কিন্তু আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে দেশের জনগণ আমাদের আবার ভোট দিয়ে জয়যুক্ত করবে। মোহাম্মদ নাসিম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, মানুষের জীবনে শান্তি আসে, দুর্নীতিমুক্ত স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ায়। সে কারণেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি বিএনপি-জামায়াত চক্র তাকে বারবার হত্যার প্রচেষ্টা চালিয়েছে।