বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি অনুমোদন না করায় ভারতের সমালোচনা করে বলেছেন, বিএনপির সময়ে স্থল সীমান্ত চুক্তির যৌথ সমীক্ষা সম্পন্ন হলেও ভারতের অনীহার কারণে চুক্তিটি আলোর মুখ দেখছে না। আগামী ১শ বছরেও এ চুক্তি হবে কি না সে ব্যাপারে তিনি সংশয় প্রকাশ করেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সীমান্ত চুক্তি না হওয়ায় তিনি বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন। একই সাথে তিনি অবিলম্বে বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি ও তিস্তার পানি বন্টন চুক্তি অনুমোদন করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
তত্ত্বাবধায়কের দাবিতে চট্টগ্রাম থেকে অচিরেই এক দফার আন্দোলন শুরু হবে বলে তিনি ঘোষণা দেন। নগরীর পতেঙ্গায় বোটক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া। সভা পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল।
