অচিরেই কর্মসূচি ঘোষণা করবেন আল্লামা শফী

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৬
হেফাজতে ইসলাম গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশে দোয়া দিবস পালন করেছে। এ উপলক্ষে পুরনো ঢাকার লালবাগে মহানগর কার্যালয়ে এক সভায় হেফাজতের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রঘোষিত সারাদেশে দোয়া দিবস পালনের মাধ্যমে হেফাজত আবার স্বরূপে আবির্ভূত হয়েছে। অচিরেই আল্লামা শাহ আহমদ শফী হাটহাজারী মাদ্রাসায় উলামা সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। ঢাকা মহানগর হেফাজতের যুগ্ম আহ্বায়ক মুফতি মুহাম্মদ তৈয়্যব হোসাইনের সভাপতিত্বে দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে মুসলমানদের ঈমান-আকীদা ও মর্যাদা রক্ষায় হেফাজত ১৩ দফা দাবিতে সম্পূর্ণ অহিংস উপায়ে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সরকার ও সরকারের কয়েকজন মন্ত্রী পরিকল্পিতভাবে আল্লামা শফী ও ১৩ দফা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশবাসীকে এসব অপপ্রচারে কান না দিয়ে আগামী দিনে আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে পূর্ণপ্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা বলেন, হেফাজত সম্পূর্ণ অরাজনৈতিক ও যুগান্তকারী একটি দ্বীনি আন্দোলন। যতদিন পর্যন্ত দেশ নাস্তিক-মুরতাদ মুক্ত না হবে ততদিন পর্যন্ত ঈমানী আন্দোলন অব্যাহত থাকবে। কিন্তু সরকারি চক্রান্তের ফাঁদে পা দিয়ে একশ্রেণির মিডিয়া হেফাজতকে রাজনীতিতে জড়িয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের সে চেষ্টা এদেশের লক্ষ-কোটি তৌহিদী জনতা ব্যর্থ করে দেবে। আলেম-উলামারা কারো দয়ার পাত্র নন। দেশে তারা এখন নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে। তাদের অবহেলা করে স্বার্থ হাসিলের দিন শেষ। তাই ঈমানী আন্দোলনে বিশ্বাসী সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ১৩ দফার পক্ষে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, গত ৫ মে গণহত্যার তথ্য-প্রমাণ গায়েব করা যাবে না। সরকার স্বীকার না করলেও সকল তথ্য-প্রমাণই সংরক্ষিত আছে। এসব তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে আগামীতে গণহত্যার নায়কদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আলতাফ হোসাইন, রিয়াজাতুল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ। দোয়া দিবসের কর্মসূচি হিসাবে লালবাগ কার্যালয়ে খতমে কোরআন, খতমে জালালী, খতমে বুখারী, খতমে ইউনুস-এর আয়োজন করা হয়। সভাশেষে দোয়া পরিচালনা করা হয়। উপহাসকারীরা ফেরাউন নমরুদের উত্তরসূরী এদিকে আমাদের চট্টগ্রাম অফিস জানায়, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার নেতারা বলেছেন, পাঁচ মে’র শহীদদের রক্ত নিয়ে যারা উপহাস করে তারা ফেরাউন নমরুদের উত্তরসূরী। এই বর্বর হত্যাকাণ্ডের পেছনে দায়ীদের কাউকে তাওহীদি জনতা ক্ষমা করবে না। এদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম ঘোষিত দোয়া দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা সরওয়ার কামাল আজিজি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা নূরুল হক প্রমুখ।