কক্সবাজার সমুদ্র সৈকতে জাপানি প্রতিনিধি দলের বিশেষ প্রার্থনা

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৭
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে এসে বিভিন্ন সময়ে অনেকে অকালে প্রাণ হারিয়েছেন। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্চ্ছ্বাসেও মারা যায় অসংখ্য মানুষ। এছাড়াও জাপান, শ্রীলংকা, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামী এবং প্রাকৃতিক দুর্যোগে নিহত হয়েছেন হাজার হাজার নারী, শিশু ও পুরুষ। এদের স্মরণ ও আত্মার শান্তি কামনায় গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে বিশেষ প্রার্থনা সম্পন্ন হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ব্যতিক্রমী এ প্রার্থনার আয়োজন করে জাপান ভিত্তিক সংগঠন রিসসো কোসেই কাই। এ প্রার্থনার জন্য সুদূর জাপান থেকে বাংলাদেশে আসেন জাপানের পূর্ব প্রদেশের সুমিদা বকের দশ সদস্যের একটি প্রতিনিধি দল। এ ছাড়াও কক্সবাজার, রামু ও চট্টগ্রামের শতাধিক সদস্য এ প্রার্থনায় অংশ নেন। লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ঘন্টাব্যাপী এ প্রার্থনা সভায় সকল প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণ এবং বিশ্বের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করা হয়। এ সময় রিসসো কোসেই কাই-এর দক্ষিণ এশিয়া প্রধান রেভা. মিত্সুইউকি আরিতোমি, জাপানের সুমিদা ব্রাঞ্চের মিনিস্টার রেভারেন্ড কোইছি সাইতো বক্তব্য দেন। প্রার্থনা সভায় রিসসো কোসেই কাই-এর দক্ষিণ এশিয়া প্রধান রেভা. মিত্সুইউকি আরিতোমি বলেন, যারা অকালে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। সেই কর্তব্যবোধ থেকেই আজ সমুদ্রের সামনে এ প্রার্থনার আয়োজন করা হয়েছে।