মাত্র ৩০ হাজার টাকার জন্য স্ত্রীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মুজিবুর রহমান উজিরপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ এপ্রিল উজিরপুর বাহেরঘাট এলাকার মরিয়ম আক্তারের সঙ্গে ধামুরা এলাকার সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই টাকার জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল সোহেল। এক পর্যায় মেয়ের সুখের কথা ভেবে জামাইকে ব্যবসায়ের জন্য ৭০ হাজার টাকা যৌতুক দেন শ্বশুর। মাদকাসক্ত সোহেল সেই টাকা মাদকের পেছনে উড়িয়ে দিয়ে পুনরায় স্ত্রীকে টাকা আনতে বাবার বাড়ি পাঠায়। গত ১৩ আগস্ট ঢাকায় গিয়ে চাকরি করবে বলে স্ত্রীকে নিয়ে চাঁদপুরে আসে সে। সেখানে গিয়ে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে দালাল শাহ জালালের কাছে স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করে দেয়। পরে শাহ জালাল জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় মরিয়মের চিত্কারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়। পরে থানার এসআই হেলাল সেখান থেকে মরিয়মকে উদ্ধার করেন।
