বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও অবাধ তথ্য প্রবাহ দারিদ্র্য দূরীকরণ ও জনগণের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। এ হাতিয়ারকে ব্যবহার করার মত দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। আর দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যেই কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত ‘আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরির কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় আলোচকবৃন্দ এ কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি। কর্মশালার সামগ্রিক বিষয়াবলী উপর বক্তৃতা করেন সাপোর্ট টু ডেভেলপমেন্ট অফ কালিয়াকৈর হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক এএনএম শফিকুল ইসলাম। কর্মশালায় বেসিস, বাককো ও বিসিএস-এর পক্ষ থেকে কোর্স আউটলাইন প্রেজেন্টেশন দেওয়া হয়। এ ছাড়াও কর্মশালায় ব্যক্তি ও গ্রুপ পর্যায়ে কার্যক্রমের উপর একাধিক সেশন পরিচালনা করা হয়। কর্মশালায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সিএসই বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
