‘পাক সরকারের সাথে তালেবানের গোপন যোগাযোগ রয়েছে’

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫০
পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ (পিএমএল-এন) সরকারের সাথে তালেবানের গোপন যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। পাকিস্তানে স্থায়ীভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টিকে সামনে রেখে একটি শান্তি ফর্মুলা বের করার লক্ষ্যে তালেবানের সঙ্গে এ আলোচনা চলছে বলে গত শুক্রবার জানান তিনি। খবর ডন ডটকমের। পারভেজ রশিদ বলেন, পাক সরকার দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সম্ভাব্য সকল পন্থা খতিয়ে দেখছে এবং তালেবানের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে। ইসলামপন্থি রাজনৈতিক দল জমিয়তে উলেমায়ে ইসলামের (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের আগে পাকিস্তান সরকার ও তালেবানের আলোচনার বিষয়ে যে বিবৃতি দিয়েছেন তা সত্য বলে স্বীকার করেছেন পারভেজ রশিদ। ফজলুর রহমান তার বিবৃতিতে বলেছিলেন, তালেবানের সঙ্গে আগামী এক মাসের মধ্যে আলোচনা শুরুর জন্য একটি ফর্মুলা বের করা গেছে। পাকিস্তান সংসদে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে ফজলুর রহমান আরো বলেন, এক মাসের মধ্যে তালেবানের সঙ্গে আলোচনার জন্য উচ্চপদস্থ এবং দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে একটি ফোরাম তৈরি করা হচ্ছে। তার এ বক্তব্য সম্পর্কে পাক তথ্যমন্ত্রী বলেন, ‘মাওলানা একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি যখনই যা বলেন তা সঠিক।’ আলোচনা কোন পর্যায়ে এবং তালেবানের কোন কোন গ্রুপের সঙ্গে চলছে তা অবশ্য জানাননি পাক তথ্যমন্ত্রী। তবে তিনি বলেছেন, আলোচনায় আগ্রহী তালেবানের যেকোনো গোষ্ঠীর সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে সরকার। তিনি বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য হলো দেশে শান্তি ফিরিয়ে আনা এবং এজন্য যা কিছু সম্ভব তার সবই করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি তালেবানের এক শীর্ষ নেতাও সরকারের সঙ্গে প্রাথমিক যোগাযোগের কথা স্বীকার করেছেন। একটি বিদেশি রেডিওকে তিনি বলেছেন, সামপ্রদায়িক সহিংসতা বন্ধ করা, আল-কায়েদা এবং লস্করে জাংভির সঙ্গে সম্পর্ক ছিন্নসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, ২০০১ সালের অক্টোবরে আফ-গানিস্তানে মার্কিন সামরিক অভিযানের পর থেকে পাকিস্তানে আল কায়েদাসহ জঙ্গি সংগঠনগুলোর সহিংসতায় হাজার হাজার মানুষ হতাহত হয়েছে।