জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা খাতে বাজেট চলতি বছরের তুলনায় আগামী বছর ৩ দশমিক ০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে। এতে করে জাপানের প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে ৪ হাজার ৮৯৭ কোটি ডলারে। ২২ বছরের মধ্যে জাপানে এ খাতে বাজেট বৃদ্ধির হার এটিই সর্বোচ্চ। পূর্ব চীন সাগরে সীমানা নিয়ে চীনের সঙ্গে বিরোধের মধ্যে জাপান ২০১৪ সালের এপ্রিল থেকে বাজেটে এ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে।
সমপ্রতি কয়েক বছরে সরকারি ঋণ জর্জরিত জাপানে প্রতিরক্ষা খাতে খরচ কমলেও গত ডিসেম্বরে দেশটিতে প্রধানমন্ত্রী শিনজো আবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ১১ বছরের মধ্যে এ বছরই প্রথম প্রতিরক্ষা ব্যয় সবচেয়ে বেশি বাড়ান। এবার তা আরো বাড়ানোর পরিকল্পনা শুক্রবার জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাপানে ২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সরকারি কর্মচারিদের বেতন কাঁটছাটের মতো সাময়িক কৃচ্ছ্র পদক্ষেপ নেয় সরকার। এ সমস্ত পদক্ষেপের মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চে।
