মার্কিন কূটনীতিকের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ বাতিল

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫১
মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রবার্ট কিংয়ের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ বাতিল করেছে পিয়ংইয়ং। বায়ি নামে এক কোরিয়ান-আমেরিকানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত মে মাসে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া। ওই মার্কিন নাগরিকের মুক্তির ব্যাপারে আলোচনরা জন্য রবার্ট কিংয়ের গতকাল শনিবার টোকিও থেকে দু’দিনের সফরে পিয়ংইয়ংয়ে যাবার কথা ছিল। খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানয়েছে, উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক মার্কিন বিশেষ দূত রবার্ট কিং মানবিক দৃষ্টিকোণ থেকে বায়িকে মুক্তি দেয়ার জন্য আবেদন জানাবে। উত্তর কোরিয়া বলছে, ক্রিস্টান ধর্মযাজক ও পর্যটন পরিচালক বায়ি তার পর্যটন ব্যবসার আড়ালে রাষ্ট্রদ্রোহীতার চক্রান্ত করেছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারি হারফ শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘ওই কূটনীতিকের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ বাতিল করার সিদ্ধান্তে আমেরিকা ‘বিস্মিত ও হতাশ’ হয়েছে। আমরা উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দাবি করব। রবার্ট কিং যাতে পরবর্তী তারিখে তার পূর্ব নির্ধারিত সফর অব্যাহত রাখতে পারে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’ তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বায়ির শারীরিক অবস্থার জন্য ভীষণ উদ্বিগ্ন।