হুমকির মুখে সুন্দরী প্রতিযোগিতা
ইন্দোনেশিয়ার বালিতে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ বা বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। কিন্তু ঐ আয়োজন শুরুর আগেই এর বিপক্ষে অবস্থান নিয়েছে ইসলামপন্থি দলগুলো। এমনকি দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী সুবিয়াধর্মা আলি এর বিরোধিতা করছেন। তিনি প্রতিযোগিতা বাতিলের আহ্বান জানিয়ে বলেন, মুসলিম অধ্যুষিত দেশটিতে এ ধরনের আয়োজন উচিত নয়। তাঁর মতকে সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা। এছাড়া উলেমা কাউন্সিল এর তীব্র বিরোধিতা করে আসছে। —এএফপি
ইন্টারনেট ব্যবহারে ভারত তৃতীয়
জাপানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারত। চলতি বছরের শুরুতে ভারত থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে ৭ কোটি ৩৯ লাখ মানুষ ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে ইন্টারনেটের উপর নির্ভরশীল। এছাড়া ১৪ কোটি ৫০ লাখ মানুষ অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান শোনেন বলে মার্চে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে প্রকাশিত হয়। গত একবছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে এক কোটি ৭৬ লাখ। ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে ভারতের উপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। — রয়টার্স
বিশ্ববিদ্যালয়ে প্রেমের ওপর কোর্স
পূর্ব ভারতের নামকরা একটি বিশ্ববিদ্যালয় ‘লাভ’ অর্থাত্ প্রেম-ভালবাসার ওপর একটি কোর্স চালু করছে। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জানুয়ারি মাস থেকে সমাজবিজ্ঞান বিভাগে ৫০ নম্বরের এই কোর্সটি চালু করছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, ভারতে বা অন্য কোথাও কোন বিশ্ববিদ্যালয়ে প্রেমের ওপর কোন অ্যাকাডেমিক কোর্স রয়েছে কিনা তা জানা নেই। —বিবিসি
প্যারিসের রাস্তায় অটোরিকশা
প্যারিসের রাস্তায় রাস্তায় এখন দেখা মিলছে অটোরিকশার। পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠা এই যান অবশ্য ট্রাফিক পুলিশদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বেকারদের কাছে এই ‘বেবি-ট্যাক্সি’ হয়ে উঠছে আশীর্বাদ। —এএফপি
