কাঠমান্ডুতেই অবসর নেবেন বিপ্লব

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:০৪
নেপালে অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলে বিপ্লব ভট্টাচার্যই একমাত্র সিনিয়র ফুটবলার। এ নিয়ে টানা আটটি সাফ চ্যাম্পিয়নশিপে খেলছেন তিনি। সাফ অঞ্চলে রেকর্ডধারী এই ফুটবলার দশরথের মাঠ থেকেই আন্তর্জাতিক টুর্নামেন্টকে বিদায় জানাবেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে। তবে কোন্ ম্যাচে অবসর নেবেন তা এখনো নিশ্চিত করেননি। এছাড়াও আগামী ১০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাফের সভায় বিপ্লবকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। বিপ্লব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি সাফ সংবর্ধনা দেয়া হয় এ জন্য তিনি সাফ এবং বাফুফের কাছে কৃতজ্ঞ থাকবেন। সাফ গেমস ফুটবলে বাদল রায়, আসলাম মোনোম মুন্না, কায়সার হামিদরা যখন দফায় দফায় ব্যর্থ হন সেসময় তাদেরই উত্তরসূরি বিপ্লব, জুয়েল রানা, মাসুদ রানা, আলফাজ, মিন্টু, মনোয়ার মুন্নারা ১৯৯৯ সাফ গেমস ফুটবলে সোনার পদক জিতেছিলেন। এই দশরথের মাঠেই অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক নেপাল যার বিরুদ্ধে লড়াই করে শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন বিপ্লব। সেবারের ফাইনালে একটা সময় নেপালের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে ছিলেন বিপ্লব। তার অসাধারণ দক্ষতার কারণে বাংলাদেশ স্বপ্নের ফাইনালে সোনার পদক জিতে ঘরে ফেরে। কুমিল্লার ছেলে বিপ্লব ২০০৮ সালে অনুষ্ঠিত দিল্লী সাফে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি মোহামেডান ও আবাহনীর জার্সি গায়ে চড়িয়েছেন। শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব এবার লিগ শিরোপাও জয় করেছেন।