বাংলাদেশ সফরে থাকছেন না গাপটিল

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:০৬
ত্সর্বশেষ বাংলাদেশ সফরে, ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে, হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছিল নিউজিল্যান্ড। ফলে অক্টোবরে নিউজিল্যান্ডের আরেকটি বাংলাদেশ সফর দু’ দেশের ক্রিকেটের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে। সিরিজের ফলাফল শেষ পর্যন্ত কী হবে, সময় বলবে। তবে সফরে আসার আগে আরও একটা ধাক্কা খেলো এবার নিউজিল্যান্ড; ইনজুরিতে পড়ে সফর মিস করছেন মার্টিন গাপটিলও। উল্লেখ্য এর আগেই ইনজুরিতে এই সফর মিস নিশ্চিত হয়েছে ড্যানিয়েল ভেট্টোরির। গাপটিল চোটের সঙ্গে লড়াই করছেন গত বেশ কিছুদিন ধরেই। এবার গোড়ালির চোটের কারণে বাংলাদেশ সফরের বাইরে থাকতে হচ্ছে কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের হয়ে ব্যাট করতে নেমে ডান হাতের আঙ্গুলে চোট পান। তবে আঙ্গুলের এই চোটের জন্য তাকে ডাক্তারের ছুরির নিচে যেতে হচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গোড়ালির এই ইনজুরিও গাপটিলের নতুন নয়। গত এক বছর ধরে পুষে রাখা এই ইনজুরির জন্য নিউজিল্যান্ডের ফিজিও পল ক্লোস এই মাসেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন গাপটিলকে।