৩৯তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ

জাবেদ ও দেবরাজ শীর্ষে

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:০৬
এক্সেস গ্রুপের দুই ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ ও দেবরাজ চ্যাটার্জী ৩৯তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপে গতকাল শনিবার পঞ্চম রাউন্ড শেষে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, তিতাস ক্লাবের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও একসেস গ্রুপের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ আছেন দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট করে পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, মোঃ হাসান ইমাম, মোহাম্মদ হাফিজুল ইসলাম চপল, ইকরামুল হক সিয়াম, সাইফুল ইসলাম চৌধুরী, নয়ন কুমার মোহন্ত ও মোঃ আলমগীর হোসেন। বিশাল ট্রেড সেন্টার ও রূপাহালী শাড়ীজ এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দাবা কক্ষে অনুষ্ঠিত এ রাউন্ডের খেলায় দেবরাজ চপলকে, সাগর ফরহাদুর ইমামকে, শাকিল আব্দুল্লাহ আল-সাইফকে, তৈয়ব সিরাজুল কবীরকে, হাসান জামালউদ্দিনকে, মোমিন মুজিবুর রহমানকে, সাইফুল গিয়াসউদ্দিন মিঠুকে, এনায়েত খায়রুল ইসলামকে, নয়ন দেলোয়ার হোসেনকে এবং আলমগীর প্রবীর চন্দ্র সাহাকে পরাজিত করেন। নাসির পরাগের সাথে এবং আমিন সিয়ামের সাথে ড্র করেন। আজ রবিবার বেলা ৩টায় একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।—খবর বিজ্ঞপ্তির।