মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ধর্মীয় আইনকে বাদ দিয়ে নয় প্রচলিত আইনের মাধ্যমেই নারীর সমসুযোগ ও সমঅধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের মূল স্রোতধারায় নারীকে সম্পৃক্ত করা হবে। শনিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনার ওপর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট প্রমুখ। ইউএন ওমেনের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নারীর সমসুযোগ ও সমঅধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের মূল স্রোতধারায় নারীকে সম্পৃক্ত করে জাতীয় উন্নয়ন নিশ্চিত করাই জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর অন্যতম উদ্দেশ্য। প্রণীত কর্মপরিকল্পনায় নারী উন্নয়নকে জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্যক্রম ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। স্বল্প মেয়াদে ২ বছরের মধ্যে, মধ্য মেয়াদে ৫ বছরের মধ্যে এবং দীর্ঘ মেয়াদে ৯ বছরের মধ্যে।
